শেয়ারবাজারে ক্রয়চাপ বেশি আইটি খাতে

১ এপ্রিল, ২০২৩ ১৭:১১  

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। তবে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ১৬.২৮ শতাংশ। দাম কমার তালিকায় যে কয়টি প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে, তার দ্বিগুণ প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে। ফলে বেড়েছে বাজার মূলধন।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৪০টির। আর ২৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে।  

এরমধ্যে বিনিয়োগকারীদের আগ্রহ ও শেয়ার কেনার চাপ বেশি ছিল আইটি খাতের শেয়ারে। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠা কোম্পানির তালিকায় রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড, আমরা নেটওয়ার্কস লিমিটেড ও এডিএন টেলিকম লিমিটেড। শীর্ষ দশের তৃতীয় অবস্থানে থাকা জেনেক্সের লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪৯ লাখ টাকা। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৭৮ লাখ ৬২ হাজার ৩৩টি শেয়ার ৭৪ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ৫৩ শতাংশ।

অপর দুই প্রতিষ্ঠান আমরা নেটওয়ার্কস ১৭ কোটি ২৩ লাখ এবং এডিএন ১৬ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন করেছে। এছাড়াও বিডিকম ৯ কোটি ৯৮ লাখ এবং সফওয়্যার প্রতিষ্ঠান ইনটেক ৪ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন করেছে।  

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পতনেও বিনিয়োগকারীদের আগ্রহ ও শেয়ার কেনার চাপ বেশি ছিল আইটি খাতের শেয়ারে। ফলে খাতটি দর বৃদ্ধির শীর্ষে স্থানে ছিল। লেনদেনের শেষ কার্য দিবসের আগের দিন আইটি খাতের শেয়ারদর বেড়েছিলো ৩ দশমিক ৫০ শতাংশ। শেষ দিনও এই ধারা ছিলো অব্যাহত। এছাড়াও সাইফ পাওয়ারটেক ২৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে ব্লক মার্কেটে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আর সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষেও রয়েছে আইটি খাতের প্রতিষ্ঠান ইনটেক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩০ দশমিক ৬৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭ কোটি ৬৬ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৯১ লাখ ৫২ হাজার  টাকা।

পূঁজিবজারের বাইরেও আইটি ও টেলিকম খাতের বাজার প্রবৃদ্ধির ইঙ্গিত রয়েছে আরো। এরইমধ্যে বিশ্বব্যাংক হতে ১৫ বছর মেয়াদে ১৯৩ কোটি টাকা ঋণসহায়তা পেতে যাচ্ছে ফাইবার অ্যাট হোম। এই সিন্ডিকেডেড ঋণ দিয়ে তৃণমূলে ব্রডব্যান্ড সেবা সম্প্রসারণ করা হবে বলে জানিয়ছেন ফাইবার অ্যাট হোমের চিফ অব গভমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা আব্বাস ফারুক। সূত্রমতে, বিশ্বব্যাংক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ‘ইনভেস্টমেন্ট প্রমোশনের’ অংশ হিসেবে সর্বনিম্ন সুদে এই ঋণ ছাড়ে ম্যান্ডেডেট লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে লংকান অ্যালায়েন্স ফিন্যান্স। এছাড়া রয়েছে মিডল্যান্ড ব্যাংক, লংকা বাংলা ফিন্যান্স, আইডিএলসি ফিন্যান্স, ইস্টার্ন ব্যাংক এবং ইউসিবি।